Sentence (বাক্য): সহজ পাঠ

​প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ইংরেজি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শিখব, আর সেটি হলো Sentence বা বাক্য। আমরা সারাদিন যা কিছু বলি বা লিখি, তার সবই কিন্তু এক-একটি Sentence। এসো, ধাপে ধাপে বিষয়টি বুঝে নিই।

১. Sentence আসলে কী? (What is a Sentence?)

​মনে করো, তোমার কাছে অনেকগুলো সুন্দর ফুল আছে। এই ফুলগুলো যদি তুমি এলোমেলোভাবে মেঝতে ছড়িয়ে রাখো, তাহলে কি সেটা দেখতে সুন্দর লাগবে? লাগবে না। কিন্তু যদি ফুলগুলোকে সুতোয় গেঁথে একটা মালা বানাও, তবে সেটা দেখতে চমৎকার লাগবে।

Sentence হলো ঠিক সেই মালার মতো।

​যখন আমরা কতগুলো শব্দ বা Word-কে সঠিক নিয়মে পাশাপাশি সাজাই এবং তা দিয়ে আমাদের মনের কোনো কথা বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করি, তখন তাকে Sentence বা বাক্য বলে।

শর্ত দুটি:

১. শব্দগুলোকে সঠিক সিরিয়ালে বা ক্রমে সাজাতে হবে।

২. কথাটির একটি পরিষ্কার অর্থ থাকতে হবে।

বাস্তব উদাহরণ:

  • ভুল: মাঠে নাবিউল বিকেলে খেলে বল। (শব্দগুলো আছে, কিন্তু সাজানো নেই। তাই অর্থ বোঝা যাচ্ছে না।)
  • সঠিক: নাবিউল বিকেলে মাঠে বল খেলে। (Nabiul plays football in the field in the afternoon.) — এটি একটি সঠিক Sentence.

২. একটি Sentence-এর কয়টি অংশ থাকে?

​যেকোনো পূর্ণাঙ্গ বাক্যের প্রধানত দুটি হাত বা অংশ থাকে। যেমন মানুষের শরীর ও মাথা থাকে, তেমনি বাক্যেরও দুটি ভাগ আছে:

(ক) Subject (উদ্দেশ্য):

বাক্যে আমরা যাকে নিয়ে কথা বলি বা যে কাজটি করছে, সে হলো Subject।

  • উদাহরণ: Afra goes to school. (আফরা স্কুলে যায়।)
  • ​এখানে আমরা Afra-কে নিয়ে কথা বলছি, তাই Afra হলো Subject।

(খ) Predicate (বিধেয়):

Subject বা কর্তা সম্পর্কে যা কিছু বলা হয়, তার পুরোটাই হলো Predicate।

  • উদাহরণ: Afra goes to school.
  • ​এখানে আফরা সম্পর্কে বলা হচ্ছে যে সে "স্কুলে যায়"। তাই "goes to school" অংশটি হলো Predicate।

৩. অর্থ অনুযায়ী Sentence ৫ প্রকার (Classification by Meaning)

​আমরা সারাদিন নানা রকম কথা বলি। কখনো খবর দিই, কখনো প্রশ্ন করি, আবার কখনো বা অবাক হই। এই কথার ধরন অনুযায়ী Sentence পাঁচ রকমের হয়। এসো, আমিনপুর ও বোয়ালঘাটার উদাহরণ দিয়ে বুঝে নিই।

১. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)

​এটা হলো একদম সাধারণ কথা। যখন আমরা কোনো ঘটনার বর্ণনা দিই বা কোনো তথ্য দিই।

  • চেনার উপায়: সাধারণ কথা, শেষে ফুলস্টপ (.) থাকে।
  • উদাহরণ:
    • Nabiul lives in the village of Aminpur. (নাবিউল আমিনপুর গ্রামে বাস করে।)
    • Habiba does not like hot weather. (হাবিবা গরম আবহাওয়া পছন্দ করে না।)

২. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)

​যখন আমরা কোনো কিছু জানতে চাই বা কাউকে কোনো প্রশ্ন করি।

  • চেনার উপায়: বাক্যের শেষে সবসময় প্রশ্নবোধক চিহ্ন (?) থাকে।
  • উদাহরণ:
    • Does Humayra go to the river of Shason everyday? (হুমায়রা কি প্রতিদিন শাসনের নদীতে যায়?)
    • Where is the field of Golabari? (গোলাবাড়ির মাঠটি কোথায়?)

৩. Imperative Sentence (আদেশ বা অনুরোধমূলক বাক্য)

​এই বাক্য দিয়ে আমরা কাউকে কিছু করতে বলি। হতে পারে সেটা কোনো কাজের অর্ডার, অনুরোধ বা উপদেশ। মজার ব্যাপার হলো, এখানে আমরা যাকে বলছি (তুমি/You), তার নামটা উহ্য থাকে।

  • চেনার উপায়: শুরুতে সাধারণত কাজের কথা (Verb) থাকে।
  • উদাহরণ:
    • Go to the market of Beliaghata. (বেলিয়াঘাটার বাজারে যাও।) – আদেশ
    • Please, give me a glass of water. (দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও।) – অনুরোধ

৪. Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)

​যখন আমরা মনের গভীর থেকে কারো জন্য ভালো কিছু চাই, দোয়া করি বা আশীর্বাদ করি।

  • চেনার উপায়: বাক্যের শুরুতে সাধারণত May থাকে।
  • উদাহরণ:
    • May Allah protect the people of Boalghata. (আল্লাহ বোয়ালঘাটার মানুষদের রক্ষা করুন।)
    • May you live long. (তুমি দীর্ঘজীবী হও।)

৫. Exclamatory Sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য)

​হঠাৎ করে আমাদের মনে যখন খুব আনন্দ, দুঃখ বা অবাক হওয়ার অনুভূতি আসে, তখন আমরা যে কথা বলি।

  • চেনার উপায়: বাক্যের শেষে বা শব্দের পরে আশ্চর্যবোধক চিহ্ন (!) থাকে।
  • উদাহরণ:
    • Hurrah! We have won the match in Deupukur! (কী মজা! আমরা ডেউপুকুরের ম্যাচে জিতেছি!)
    • Alas! The old tree has fallen. (হায়! পুরনো গাছটি পড়ে গেছে।)

৪. গঠন অনুযায়ী Sentence ৩ প্রকার (Classification by Structure)

​একটি বাক্য কত বড় হবে বা কীভাবে গঠিত হবে, তার ওপর ভিত্তি করে একে তিন ভাগে ভাগ করা যায়। চলো, এটা আরও সহজ করে বুঝি।

১. Simple Sentence (সরল বাক্য)

​নামের মতোই এটি সরল। এখানে কোনো প্যাঁচ নেই। একজন ব্যক্তি (Subject) এবং একটি কাজ (Verb) থাকবে।

  • উদাহরণ:
    • Afra reads a book in the garden. (আফরা বাগানে একটি বই পড়ে।)
    • ​দেখো, এখানে আফরা একা কাজ করছে। কোনো শর্ত নেই, কোনো 'কিন্তু' নেই।

২. Complex Sentence (জটিল বাক্য)

​এই বাক্যটি একটু নির্ভরশীল। এখানে একটি মূল কথা থাকে, আর তার সাথে লেজুড় হিসেবে আরেকটি কথা থাকে। একটি অংশ ছাড়া অন্য অংশটি একা অর্থ প্রকাশ করতে পারে না।

  • চেনার উপায়: If, When, Because, Though ইত্যাদি শব্দ থাকে।
  • উদাহরণ:
    • If Nabiul comes, I will go to the river. (যদি নাবিউল আসে, তবে আমি নদীতে যাব।)
    • ​খেয়াল করো, আমার নদীতে যাওয়াটা নির্ভর করছে নাবিউলের আসার ওপর। এটাই হলো জটিল বা Complex বাক্য।

৩. Compound Sentence (যৌগিক বাক্য)

​এটি হলো দুটি স্বাধীন বাক্যের মিলন। এখানে দুটি বাক্যই স্বয়ংসম্পূর্ণ, শুধু মাঝখানে একটি জোড়া লাগানোর শব্দ (Connector) দিয়ে যুক্ত করা হয়েছে।

  • চেনার উপায়: And, But, Or দিয়ে যুক্ত থাকে।
  • উদাহরণ:
    • Humayra is intelligent, but she is lazy. (হুমায়রা বুদ্ধিমতী, কিন্তু সে অলস।)
    • ​এখানে "Humayra is intelligent" এবং "She is lazy" দুটো আলাদা বাক্য, যা 'but' দিয়ে জোড়া দেওয়া হয়েছে।

​আশা করি, আজকের এই আলোচনার পর Sentence নিয়ে তোমাদের আর কোনো ভয় বা জড়তা থাকবে না। গ্রামারের এই নিয়মগুলো ঠিকমতো চর্চা করলে তোমরা খুব শুদ্ধভাবে ইংরেজি লিখতে ও বলতে পারবে।

                  ​Prepared by Nabiul Hasan