Deduction বা Modal: এসো আমরা গোয়েন্দা হই!
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো তুমি আমিনপুরের রাস্তা দিয়ে হাঁটছ। দেখলে রাস্তাটি সম্পূর্ণ ভেজা। তুমি তখন কী ভাববে? নিশ্চয়ই মনে মনে ভাববে—"এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল"। তুমি কিন্তু নিজের চোখে বৃষ্টি হতে দেখোনি, শুধু ভেজা রাস্তা দেখে একটি সিদ্ধান্ত (Decision) নিলে।
ইংরেজিতে এই প্রমাণ দেখে কোনো সিদ্ধান্তে আসাকেই Deduction বলা হয়। আর এই কথাগুলো প্রকাশ করার জন্য আমরা যে বিশেষ Verb-গুলো ব্যবহার করি, তাদের Modal Verbs বলে।
এসো, আমরা প্রধান ৩টি পরিস্থিতির মাধ্যমে বিষয়টি শিখি।
১. যখন আমরা পুরোপুরি নিশ্চিত (Surety)
যখন কোনো প্রমাণ দেখে তুমি ১০০% বা তার কাছাকাছি নিশ্চিত হয়ে যাও যে ঘটনাটি সত্য অথবা মিথ্যা, তখন আমরা কীভাবে কথা বলব?
(ক) বর্তমান কাল (Present): Must এবং Can't
যখন তুমি নিশ্চিত যে ঘটনাটি সত্য, তখন Must ব্যবহার করবে। আর যখন তুমি নিশ্চিত যে ঘটনাটি সত্য হওয়া অসম্ভব, তখন Can't ব্যবহার করবে।
-
উদাহরণ ১ (Must): রানী টানা ৩ ঘণ্টা বল খেলার মাঠে দৌড়েছে। সে এখন খুব ঘামছে এবং হাঁপাচ্ছে।
- সিদ্ধান্ত: Rani must be very tired.
- (রানী নিশ্চয়ই খুব ক্লান্ত।) – কারণ তার অবস্থা দেখে তুমি নিশ্চিত।
-
উদাহরণ ২ (Can't): হীরা এইমাত্র পেট ভরে দুপুরের খাবার খেল। এখন কেউ তাকে খেতে ডাকছে।
- সিদ্ধান্ত: Hira can't be hungry right now.
- (হীরা এখন ক্ষুধার্ত হতেই পারে না।) – কারণ সে এইমাত্র খেয়েছে।
(খ) অতীত কাল (Past): Must have এবং Couldn't have
অতীতের কোনো ঘটনা নিয়ে যখন আমরা নিশ্চিত থাকি। অতীতে নিশ্চয়ই হয়েছে বোঝাতে Must have এবং অতীতে হওয়া অসম্ভব ছিল বোঝাতে Couldn't have বসে।
-
উদাহরণ ১ (Must have): মৌসুদ বার্ষিক পরীক্ষায় ১০০-তে ১০০ পেয়েছে।
- সিদ্ধান্ত: Mousud must have studied very hard.
- (মৌসুদ নিশ্চয়ই খুব কঠোর পড়াশোনা করেছিল।) – ফলাফল দেখে আমরা এটা নিশ্চিত হলাম।
-
উদাহরণ ২ (Couldn't have): চুরির ঘটনাটি ঘটেছে খড়িবাড়িতে, কিন্তু সেই সময়ে সুরাজ ছিল মদনপুরে।
- সিদ্ধান্ত: Suraj couldn't have stolen the bag.
- (সুরাজ ব্যাগটি চুরি করতেই পারে না।) – কারণ সে তখন অন্য জায়গায় ছিল, তাই এটা অসম্ভব।
(গ) ভবিষ্যৎ কাল (Future): Will বা Going to
ভবিষ্যতে নিশ্চিত কিছু ঘটবে বোঝাতে আমরা Definitely শব্দের সাথে Will ব্যবহার করি।
-
উদাহরণ: সাহিনা গল্পের বই খুব পছন্দ করে।
- সিদ্ধান্ত: Sahina will definitely love this new book.
- (সাহিনা অবশ্যই এই নতুন বইটি পছন্দ করবে।)
২. যখন আমরা আশা করছি বা উচিত ছিল (Expectation)
যখন আমরা ১০০% নিশ্চিত নই, কিন্তু পরিস্থিতি দেখে মনে করি যে স্বাভাবিকভাবে এমনটাই হওয়া উচিত।
(ক) বর্তমান বা ভবিষ্যৎ (Present/Future): Should
-
উদাহরণ: চন্দন সকাল ৮টায় সর্দারহাটি থেকে রওনা দিয়েছে। এখন ১০টা বাজে। স্বাভাবিকভাবে তার পৌঁছে যাওয়ার কথা।
- সিদ্ধান্ত: Chandan should be here by now.
- (চন্দনের এতক্ষণে এখানে পৌঁছে যাওয়া উচিত।) – আমরা আশা করছি সে পৌঁছাবে।
(খ) অতীত কাল (Past): Should have (আফসোস বা ভুল ধরা)
অতীতে কিছু একটা হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি বা ভুল হয়েছে—এমন বোঝাতে Should have ব্যবহার হয়।
-
উদাহরণ: মোজাফ্ফার গতকাল বৃষ্টিতে ভিজেছে এবং আজ তার জ্বর হয়েছে।
- সিদ্ধান্ত: Mozaffar should not have played in the rain.
- (মোজাফ্ফারের বৃষ্টিতে খেলা উচিত হয়নি।)
- সিদ্ধান্ত: He should have taken an umbrella.
- (তার ছাতা নেওয়া উচিত ছিল।)
৩. যখন আমরা অনুমান করছি বা সম্ভাবনা আছে (Probability)
যখন আমরা নিশ্চিত নই, ঘটনাটি হতেও পারে আবার না-ও হতে পারে (৫০-৫০ চান্স)। তখন আমরা May, Might বা Could ব্যবহার করি।
(ক) বর্তমান বা ভবিষ্যৎ (Present/Future)
-
উদাহরণ ১: আমরা রানীকে খুঁজছি, সে বাড়িতে নেই। সে কোথায় থাকতে পারে?
- সিদ্ধান্ত: Rani might be in the market of Choulpur.
- (রানী হয়তো চৌলপুরের বাজারে থাকতে পারে।) – আমরা ঠিক জানি না, আন্দাজ করছি।
-
উদাহরণ ২: আজ আমিনপুরের আকাশ বেশ মেঘলা।
- সিদ্ধান্ত: It may rain in Aminpur today.
- (আজ আমিনপুরে বৃষ্টি হতে পারে।)
(খ) অতীত কাল (Past Probability)
অতীতে হয়তো কিছু একটা ঘটেছিল, কিন্তু আমরা সঠিক কারণ জানি না।
-
উদাহরণ: চন্দন আজ ক্লাসে আসেনি। কেন আসেনি কেউ জানে না।
- সিদ্ধান্ত: Chandan might have missed the bus.
- (চন্দন হয়তো বাস মিস করেছে।) – এটি আমাদের একটি ধারণা মাত্র, অন্য কারণও হতে পারে।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখন থেকে তোমরাও একজন দক্ষ গোয়েন্দার মতো পরিস্থিতি বিচার করে Must, Should বা Might-এর সঠিক ব্যবহার করতে পারবে।
Prepared by Nabiul Hasan